ফারহান তানভীর :
বলিউডের দুই সুপারস্টার সালমান খান আর আমির খান যখন একসঙ্গে হাজির হন, তখন যে দর্শকেরা চমক আর বিনোদন একসঙ্গে পেতে যাচ্ছেন, তা প্রায় নিশ্চিত। সম্প্রতি টুইংকেল খান্না ও কাজলের নতুন টক শো ‘টু মাচ’–এ অতিথি হয়ে এসেছিলেন এই দুই খান। আর সেখানেই ঘটল এক মজার মুহূর্ত, যা ইতিমধ্যেই ভাইরাল।

আলোচনার বিষয় ছিল বহু পুরনো ধারণা-“ছেলেরা কাঁদে না।” প্রসঙ্গটি উঠতেই সালমান খান তার স্বভাবসুলভ রসিক ভঙ্গিতে বলেন, “ভাই-বোন, মা-বাবা বা পরিবারের জন্য কাঁদা ঠিক আছে। কিন্তু প্রেমিকা ছেড়ে গেলে বসে বসে কান্না করা-ওটা একটু বেশিই হয়ে যায়।”এখানেই থেমে থাকেননি তিনি। টুইংকেল খান্না মুচকি হেসে প্রশ্ন করেন, “কিন্তু এখনকার বয়সে কে আর প্রেমিকা ছেড়ে গেলে কাঁদে?” জবাবে সালমান বলেন, “আজকের জেনারেশন তো একদম অন্যরকম-তারা বলে, মুভ অন… নেক্সট। আরে, ফলো আমির।”এই কথাতেই ফেটে পড়েন হাসিতে উপস্থিত সবাই।

আসলে সালমান খান আমির খানের প্রেমজীবনকে খোঁচা দিচ্ছিলেন, আর সেটিই শোয়ের সবচেয়ে মজাদার মুহূর্তে পরিণত হয়। পাশে বসে থাকা আমির খানও মজা করে পাল্টা বলেন, “আজ তোমরা আমাকে পাঞ্চিং ব্যাগ বানিয়ে ফেলেছ।” তখনই টুইংকেল ও কাজল একসঙ্গে আঙুল তুলে জানান, আসল দোষী সালমানই।শোয়ের এই অংশ দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

নেটিজেনদের কেউ লিখেছেন, “এটাই সালমানের আসল চার্ম-সবসময় হিউমার মিশিয়ে পরিবেশ জমিয়ে দেন।” আবার অনেকে বলছেন, “আমির-সালমান জুটিকে একসঙ্গে দেখলেই বলিউডের নস্টালজিয়া ফিরে আসে।”বলিউডের দুই খানের বন্ধুত্ব, ঠাট্টা-মশকরা আর নির্ভার আড্ডা দর্শকদের জন্য এক অনন্য বিনোদন হয়ে উঠল এই টক শোয়ে।
সংবাদের উৎস: দ্যা টাইমস অফ ইন্ডিয়া