ফারহান তানভীর
সিনেমা মানেই তো বিনোদন,কিন্তু কিছু সিনেমা আছে যেগুলো মাথায় ঘুরপাক খেতে থাকে অনেকক্ষণ।তামিল থ্রিলার Eleven আমার জন্য ঠিক তেমনই এক অভিজ্ঞতা।থিয়েটারে কিংবা এখনকার OTT-তে বসে দেখার সময় বারবার মনে হচ্ছিল-এরপর কী হতে যাচ্ছে?গল্পের ভেতরে ঢুকতে না গিয়েও একটা কথা স্পষ্ট করে বলা যায়: Eleven শুরু হয় খুব সাধারণ একটা টোনে,কিন্তু যত এগোয়,ততই অচেনা অন্ধকারে টেনে নিয়ে যায় দর্শককে।একজন পুলিশ অফিসার,একের পর এক রহস্যজনক খুন আর তার সঙ্গে লুকানো অদ্ভুত খেলায় জড়িয়ে পড়া মানুষগুলো-সবকিছুই যেন ধাঁধার টুকরো।আর সেই টুকরো জোড়া লাগাতে গিয়েই আমরা দর্শকরা নিশ্বাস বন্ধ করে বসে থাকি।এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো এর পরিবেশ।প্রথম কয়েক মিনিটেই যে টেনশন তৈরি হয়,সেটা ধীরে ধীরে গায়ে চাপতে থাকে। আলো-ছায়ার ব্যবহার,ব্যাকগ্রাউন্ড মিউজিক-সবকিছু মিলিয়ে একটা অস্বস্তিকর অথচ আকর্ষণীয় আবহ তৈরি করে।অনেকদিন পর একটা তামিল মুভি দেখে সত্যিই মনে হলো, হ্যাঁ, এটা pure thriller!
একটা জায়গায় এসে আমার মনে পড়ে গেল সেই কালজয়ী Ratsasan-এর কথা।যদিও দুই ছবির গল্প আলাদা,তবে রহস্য আর অন্ধকারের চাপ যে রকমভাবে দর্শককে চেপে ধরে,সেই অনুভূতিটা একবার হলেও মনে করিয়ে দেয় Ratsasan-এর ভৌতিক আবহ।আর এটাই Eleven-এর শক্তি-এমন তুলনা টেনে আনতে পারা।
অভিনেতাদের অভিনয়ও প্রশংসার যোগ্য।নাভিন চন্দ্র পুলিশ চরিত্রে একেবারেই বিশ্বাসযোগ্য।তার প্রতিটি সংলাপ,চোখের দৃষ্টি,শরীরী ভাষা-সবকিছুতেই টের পাওয়া যায় একটা দায়িত্ব আর চাপের বোঝা। রেয়া হারি-ও তার চরিত্রে চমকে দেয়।তবে সবচেয়ে বেশি প্রশংসা পাওয়ার যোগ্য পরিচালক লক্কেশ আজলস।নতুন হলেও তিনি যেভাবে দর্শকের মন নিয়ে খেলা করেছেন,সেটা সত্যিই অসাধারণ।
অনেক সময় থ্রিলার সিনেমায় মাঝপথে গল্পের গতি হারিয়ে যায়।কিন্তু Eleven-এর দ্বিতীয় অর্ধেকটা বরং আরও তীব্র।প্লট কোথায় যাচ্ছে তা আন্দাজ করা কঠিন হয়ে যায়।মাঝে হয়তো মনে হবে কিছুটা পরিচিত ট্র্যাক,কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য ধরে বসে থাকলে যে ধাক্কাটা পাওয়া যায়, সেটাই সিনেমাটিকে অন্য স্তরে নিয়ে যায়।
সবচেয়ে ভালো লেগেছে এর after-effect।সিনেমা শেষ হওয়ার পরও প্রশ্ন থেকে যায়, চরিত্রগুলোর জায়গায় আমি হলে কী করতাম?উত্তর খুঁজতে খুঁজতে মনে হয়,হয়তো পরিচালক চেয়েছিলেন দর্শকদের ভেতরেই একটা যুদ্ধ শুরু করে দিতে।
Eleven নিছক বিনোদন নয়,এটা একটা অভিজ্ঞতা।আর সেই অভিজ্ঞতা নিতে হলে স্পয়লারের ঝুঁকি না নিয়ে সরাসরি দেখতে বসাই ভালো।
যারা থ্রিলার ভালোবাসেন,যারা অজানা রহস্যে হারিয়ে যেতে চান,তাদের জন্য Eleven অবশ্যই মিস না করার মতো একটি সিনেমা।যদি রেটিং এর দিকে তাকান তাহলেও বুঝতে পারবেন Eleven কেন মিস করা উচিত নয়।Imdb ও Prime Video এর উভয়েরই রেটিং ৭.৪/১০ এবং Times of India দিয়েছে ২.৫/৫
তাহলে, কিসের অপেক্ষা?এখনই দেখে ফেলুন Eleven, আর জানাতে ভুলবেন না আপনার অভিজ্ঞতা।পরের রিভিউতে আবার দেখা হবে নতুন এক রহস্যের দরজা খুলে।