অনিল কাপুর কি তাহলে বাহিরে বাঘ,বাড়িতে বিড়াল?

ফারহান তানভীর :

চার দশকেরও বেশি সময় ধরে বলিউডের আকাশে যে কয়েকটি নাম নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে, তাদের মধ্যে অন্যতম অনিল কাপুর। ‘মিস্টার ইন্ডিয়া’ থেকে ‘নায়ক’, ‘রাম লক্ষণ’ থেকে ‘তেজাব’-প্রতিটি সময়েই তিনি নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন। বয়স যখন সত্তরের দোরগোড়ায়, তখনও তার পর্দার উপস্থিতি এতটাই প্রাণবন্ত যে দর্শক ভুলে যান সময়ের হিসাব। কিন্তু ক্যামেরার ঝলকানির বাইরে মানুষটি একেবারেই অন্য রকম-সাদামাটা, পারিবারিক এবং অবাক করা রকমের সাধারণ।

অনিল কাপুর – ফেসবুক থেকে

মুম্বাইয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘সুবেদার’-এর ট্রেলার। সেই ছবিতে তিনি অভিনয় করেছেন সেনাবাহিনীর প্রবীণ অফিসার অর্জুন মৌর্য চরিত্রে। ট্রেলারের ঝলকেই বোঝা গেছে-এটি কেবল একটি সামরিক গল্প নয়; এটি দায়িত্ব, সম্পর্ক, ত্যাগ আর আবেগের গল্প। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অনিল কাপুর শুধু সিনেমার কথা বলেননি, শেয়ার করেছেন নিজের ব্যক্তিজীবনের এমন কিছু দিক, যা তার স্টারডমের বিপরীত চিত্র তুলে ধরে।

অনিল কাপুর – ফেসবুক থেকে

তিনি হাসতে হাসতেই জানান, বাড়িতে ‘সুপারস্টার’ অনিল কাপুরের কোনো অস্তিত্ব নেই। ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রী সুনিতা কাপুর নাকি একেবারে সাধারণ গৃহিণীর মতোই জানতে চান-কোথায় যাচ্ছেন এবং কী কাজে যাচ্ছেন। পরিবারে সবাই তার কাজের খবর রাখেন ঠিকই কিন্তু তারকা তকমা সেখানে বিশেষ গুরুত্ব পায় না। বরং তারা নিজেদের অন্য দশটা পরিবারের মতোই ভাবেন। আরও মজার তথ্য দিয়ে তিনি জানান, আজও শুটিং বা বাইরে কোথাও গেলে স্ত্রী থেকে ১০-১৫ হাজার টাকা নিয়ে যান। তারকা খ্যাতির চূড়ায় থেকেও এই সরল স্বীকারোক্তি প্রমাণ করে-খ্যাতি যত বড়ই হোক, ঘরের ভেতর তিনি একজন স্বামী, একজন বাবা, একজন সাধারণ মানুষ। এই দুই সত্তার ফারাকই যেন তাকে আরও বড় করে তোলে।

অনিল কাপুর – ফেসবুক থেকে

‘সুবেদার’ প্রসঙ্গে তিনি বলেন, অর্জুন মৌর্য চরিত্রটি তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং কাজ। চরিত্রটির ভেতরে রয়েছে বন্ধুত্বের গভীরতা, দায়িত্বের ভার, আর স্বামী-স্ত্রীর সম্পর্কে টানাপড়েনের বাস্তবতা। যুদ্ধের ময়দান যেমন কঠিন, তেমনি ব্যক্তিগত জীবনের লড়াইও কম নয়-এই দ্বন্দ্বই তাকে চরিত্রটির দিকে টেনেছে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট ছবিতে কাজ করলেও, নতুন চরিত্রে নিজেকে ভাঙা-গড়ার এই চ্যালেঞ্জ এখনও তাকে উত্তেজিত করে।অনিল কাপুরের ক্যারিয়ার এক কথায় বহুমাত্রিক। কখনও তিনি ‘মিস্টার ইন্ডিয়া’-র অদৃশ্য নায়ক, কখনও ‘নায়ক’-এর এক দিনের মুখ্যমন্ত্রী, কখনও ‘রাম লক্ষণ’-এর প্রাণচঞ্চল লক্ষণ। আবার সাম্প্রতিক সময়ে ‘অ্যানিম্যাল’-এর মতো ছবিতেও তিনি নিজেকে নতুনভাবে হাজির করেছেন। যেখানে তিনি রনবীর কাপুরের বাবার চরিত্রে বালবীর সিং নামে অভিনয় করেছিলেন। প্রতিটি সময়ে তিনি প্রমাণ করেছেন-সময় বদলায়, ট্রেন্ড বদলায়, কিন্তু নিজের প্রতি বিশ্বাস আর পরিশ্রম থাকলে প্রাসঙ্গিকতা হারায় না।

অনিল কাপুর – ফেসবুক থেকে

পর্দায় তিনি তেজস্বী, আত্মবিশ্বাসী, কখনও বিদ্রোহী; কিন্তু বাস্তবে তিনি শান্ত, পারিবারিক এবং মাটির মানুষ। এই দ্বৈত সত্তাই অনিল কাপুরকে অন্যদের থেকে আলাদা করে দেয়। তার গল্প শুধু একজন তারকার নয়, বরং এমন এক মানুষের, যিনি জানেন-আসল শক্তি ক্যামেরার সামনে নয়, বরং ঘরের ভেতরের সম্পর্কগুলোতেই লুকিয়ে থাকে।‘সুবেদার’ মুক্তির অপেক্ষায় এখন দর্শক। তবে ট্রেলার লঞ্চেই অনিল কাপুর বুঝিয়ে দিলেন-তিনি শুধু চরিত্রে নয়, জীবনেও সমান দক্ষ অভিনয় করে চলেছেন। আর সেই অভিনয়ের মঞ্চ হলো তার নিজের ঘর, যেখানে কোনো সুপারস্টার নেই-আছেন কেবল একজন সাধারণ মানুষ।